রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দেড় হাজারের নিচে নামল। রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১,৪২২ জন। এর মধ্যে কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছেন ১৩৭ জন। কয়েক সপ্তাহ আগেই এই সংখ্যাটা ছিল দৈনিক ৩ হাজারেরও বেশি।
সংক্রমণের নিরিখে এদিনও তিলোত্তমাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা। গত একদিনে সেখানে ১৫৮ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৮৯। হাওড়া ও হুগলিতে একদিনে আক্রান্ত যথাক্রমে ৭৪ ও ৬৮ জন। তবে এখনও উদ্বেগে রাখছে দার্জিলিং। ২৪ ঘণ্টায় ১৫১ জন করোনা পজিটিভ হয়েছেন সেখানে।
রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ২ হাজার ৭০৬ জন। গত একদিনে ভাইরাসের বলি ২৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে ১৭ হাজার ৭৫৮ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ।