রাস্তায় বেরিয়ে মাস্ক না পরলে পকেট থেকে বের করতে হবে জরিমানার এক হাজার টাকা। এই মর্মে নির্দেশিকা দিল তেলেঙ্গানা রাজ্য সরকার। মুখ্যসচিব সোমেশ কুমার প্রত্যেক জেলাশাসকের কাছে এই মর্মে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছেন। একইসঙ্গে কমিশনার ও সুপারিন্টেন্ডেন্টদের নির্দেশ দেওয়া হয়েছে, কড়া হাতে এই নিয়ম কার্যকর করার। গত সাতাশে মার্চ রাজ্য সরকার একটি নির্দেশিকা জারি করেছিল। তাতে পাবলিক প্লেসে সর্বত্র মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়। মাস্ক বাধ্যতামূলক করতে বলা হয় সব কর্মস্থলে এবং যানবাহনে যাতায়াতের সময়ও।
একইসঙ্গে বলা হয়, নিয়ম লঙ্ঘন করলে দু'হাজার পাঁচ সালের বিপর্যয় মোকাবিলা আইনের ৫১ ও ৬০ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা মোতাবেক কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তাতেও ফল না মেলায় এবার জরিমানার কথা ঘোষণা করল সরকার।