ইউরো কাপের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী সুইজারল্যান্ডকে আটকে দিল গ্যারেথ বেলের নেতৃত্বাধীন ওয়েলশ। খেলার শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিলেন সুইসরা। তৈরি হয়েছিল একাধিক গোলের সুযোগ। বল পজেশনও অনেক বেশি ছিল সাদা জার্সির। কিন্তু ওয়েলশ রক্ষণ ভেদ করতে পারেননি শাকিরি, এম্বোলোরা। প্রথমার্ধে খেলা গোলশূন্য ছিল৷ দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ওয়েলশ রক্ষণে চাপ বাড়াতে থাকে সুইজারল্যান্ড। ৪৯ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল হেড করে সুইসদের এগিয়ে দেন ব্রিল এম্বোলো। পিছিয়ে পড়ে পাল্টা আক্রমণে ওঠে ওয়েলশ। ৭৪ মিনিটে দুরন্ত হেডে গোল শোধ করেন কার্ডিফ সিটির স্ট্রাইকার কিফার মুর। এরপর চাপ বাড়ালেও ওয়েলশ রক্ষণ ভাঙতে পারেনি সুইজারল্যান্ড।