করোনার জেরে এবার বড়সড় পরিবর্তন বিশ্বকাপ ফুটবলেও। পরের বছর বিশ্বকাপ ফুটবলেও বজায় থাকবে পাঁচ পরিবর্তের নিয়ম। শুক্রবার জানিয়ে দিল আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। এই সংস্থাই ফুটবলের নিয়মকানুন তৈরি করে। ২০২২-এর ৩১ মে পর্যন্ত সমস্ত শীর্ষস্থানীয় প্রতিযোগিতায় চালু থাকবে এই নিয়ম।
গত বছর করোনা অতিমারির প্রথম ধাক্কা সামলে ফুটবল শুরু হওয়ার পর থেকেই চালু হয়েছিল এই নিয়ম। কোচেরা দাবি তুলেছিলেন, ঘন ঘন খেলা ফুটবলারদের স্বাস্থ্যে প্রভাব ফেলছে। তাই তিনের বদলে পাঁচ পরিবর্ত চালু করা হোক। সেই দাবি মেনে নিয়েছিল আইএফএবি। ফলে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ছাড়াও বেশিরভাগ দেশের ঘরোয়া লিগে এই নিয়ম কার্যকরী হয়ে যায়।