আজ বাংলার অন্যতম সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তীর জন্মদিন। প্রতি বছর এই দিনটায় শহরেরই কোনও একটা জায়গায় জড়ো হয়ে ‘আগুনপাখি’ নচিকেতার জন্মদিন উদ্যাপন করে। এ বার নচিকেতা শহরেই রয়েছেন। কিন্তু অতিমারি পরিস্থিতিতে সকলের জড়ো হওয়া কার্যত অসম্ভব। তাই ভার্চুয়াল দুনিয়ায় উদ্যাপিত হবে জন্মদিন।
আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী নচিকেতা। পৈতৃক বাড়ি বাংলাদেশের বরিশালে।
পড়াশোনা করেছেন উত্তর কলকাতার মণীন্দ্র কলেজে। ছোটবেলা থেকেই গান লেখা শুরু, সেই সঙ্গে নিজের মতো করে গান চর্চা।
প্রথম অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’ প্রকাশিত হয় ১৯৯৩ সালে এবং প্রকাশ পাওয়া মাত্র অভাবনীয় সাড়া পড়ে যায়। নচিকেতা চক্রবর্তী মুহুর্তে হয়ে যান নচিকেতা।
এরপর শুধু সাফল্যের ইতিহাস। পিছন ফিরে তাকাতে হয়নি কখনও। নয়ের দশক থেকেই নতুন প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন এই শিল্পী। তার গানের কথায় উঠে এসেছে সমাজের কঠিন বাস্তবতা। জনপ্রিয় শিল্পীর জন্মদিনে রইল অনেক শুভেচ্ছা।