ভারত বায়োটেকের তৈরি কোভিড টিকা কোভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে প্রাথমিক ভাবে সন্তুষ্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। হু- মুখ্য বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন বৃহস্পতিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, “ডেল্টা প্রজাতির বিরুদ্ধে কোভ্যাক্সিনের কার্যকারিতা অনেক কম হলেও তা বেশ ভাল। সব মিলিয়ে করোনার প্রতিরোধক হিসাবে কোভ্যাক্সিনের কার্যকারিতাও যথেষ্ট বেশি।”। কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষার তথ্য খতিয়ে দেখে এই পর্যবেক্ষণ হু-এর।কোভ্যাক্সিন নিয়ে হু-এর থেকে অনুমোদনের অপেক্ষায় ভারত বায়োটেক। ইতিমধ্যেই হু-এর কাছে এই টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষা সংক্রান্ত তথ্য জমা দিয়েছে হায়দরাবাদের ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থা। সংস্থার আশা, আগামী জুলাইয়ের মধ্যে কোভ্যাক্সিনকে সেই অনুমোদন দিয়ে দেবে হু।