চিঠি হল ওয়াইনের মত। যত বয়স বাড়বে, তত কদর। প্রায় পাঁচ দশক আগের এক চিঠি হঠাৎই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। তবে এ চিঠি যে সে চিঠি নয়। দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর লেখা চিঠি। তা, লিখেছেন কাকে, না বিশিষ্ট শিল্পপতি জেআরডি টাটাকে।
হর্ষ গোয়েঙ্কার শেয়ার করা সেই চিঠি অবশ্য হাতে লেখা নয়, টাইপ করা। ১৯৭৩ সালের সেই চিঠি পড়লে বোঝা যায় ইন্দিরাকে একটি পার্ফিউম উপহার দিয়েছিলেন টাটা। উপহার গ্রহণ করে ধন্যবাদ জানাতেই সেই চিঠি। ইন্দিরা লিখেছেন, এমনিতে সুগন্ধী ব্যবহারের রস থেকে তিনি বঞ্চিত। তবে এটা তিনি ব্যবহার করে দেখবেন। সেই নেহরুকন্যা লিখেছেন, যখনই কোনও মতামত জানাতে চাইবেন, দ্বিধা না করেই দেখা করবেন বা চিঠি লিখবেন।
সুগন্ধী নিশ্চয়ই ব্যবহার করেছিলেন ইন্দিরা। চিঠিটি এখন ভাইরাল। মুঠো ফোনে ফোনে ঘুরছে একটা পুরনো কাগজে টাইপ করা কিছু শব্দের ইমেজ। ওগুলো আসলে শব্দ নয়, ইমেজও নয়। পাঁচ দশক আগের সেই সময়, সেই ইতিহাসই যেন স্বয়ং উঠে এসেছে না বলে কয়ে।