অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচের আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার। টিম থেকে চোটের জন্য বাদ পড়লেন হরমনপ্রীত কাউর। মঙ্গলবার থেকে তিন ম্যাচের সিরিজ শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া মহিলা দলের। হরমনপ্রীতের মতো ক্রিকেটার বাদ পড়া টিমের কাছে অত্যন্ত দুঃসংবাদ।
টানা ২৪টি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে টিম অস্ট্রেলিয়া। তাই এই মুহূর্তে তাঁদের আত্মবিশ্বাস তুঙ্গে। ভারত অধিনায়ক মিতালী রাজ প্রথম ম্যাচে জিতেই সেই রেকর্ড ভাঙতে চান। বুড়ো আঙুলে চোট পেয়েছেন হরমনপ্রীত। তাই প্রথম ম্যাচে থাকছেন না তিনি। টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারে তিন নম্বরে কে নামবেন! সেই প্রশ্ন ঘুরছে টিমের অন্দরে। তিন নম্বরে মিতালিকেও নামানো হতে পারে। শেফালি শর্মার মতো প্রতিভাবান ক্রিকেটারের দিকেও নজর থাকবে এবার অস্ট্রেলিয়া সিরিজে। টিমে আছেন পুনম রাউত, দীপ্তি শর্মারাও।
টি২০ বিশ্বকাপে শেফালি শর্মার পারফরম্যান্স মুগ্ধ করেছিল সবাইকে। এবারও তাঁর দিকে তাকিয়ে আছে টিম ম্যানেজমেন্ট। তাঁর ভয়ডরহীন ক্রিকেটই অস্ট্রেলিয়া সফরে ভারতকে ভরসা দিতে পারে। রাজেশ্বরী গাইকোয়াডের ফিটনেস নিয়েও চিন্তা আছে শিবিরে। হরমনপ্রীতের বদলে টিমে ঢুকতে পারেন বরোদার ক্রিকেটার স্বস্তিকা ভাটিয়া। তবে আশা করা হচ্ছে, দ্বিতীয় ওয়ানডের আগে টিমে ফিরবেন হরমনপ্রীত।