করোনা অতিমারীর বড় ধাক্কা যে দেশের অর্থনীতিতে লাগবে, তা জানাই ছিল। কিন্তু ধাক্কার পরিমাণ ঠিক কতটা, তা নিয়ে চলছিল জল্পনা। সোমবার জাতীয় পরিসংখ্যান দপ্তর জানিয়ে দিল, ২০২০-২১ অর্থবর্ষে অর্থনীতির সঙ্কোচন হয়েছে ৭.৩ শতাংশ। এই ফল বিগত চার দশকের সবথেকে খারাপ। ২০১৯-২০ অর্থবর্ষের মোট অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণ ছিল ১৪৫.৬৯ লক্ষ কোটি টাকা। যা প্রাথমিক হিসেব অনুযায়ী ২০২০-২১ অর্থবর্ষ কমে হয়েছে ১৩৫.১৩ লক্ষ কোটি টাকা। অর্থাৎ সঙ্কোচন হয়েছে ৭.৩ শতাংশ। উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির পরিমাণ ছিল মাত্র ৪ শতাংশ। যা তার আগের ১১ বছরের মধ্যে সব থেকে কম।
পরিসংখ্যান প্রকাশ্যে আসার পরই কেন্দ্রের সমালোচনা করে টুইট করেছেন রাহুল গান্ধী। একটি রেখচিত্রের ছবি শেয়ার করে রাহুল লিখেছেন সর্বনিম্ন জিডিপি এবং সর্বোচ্চ বেকারত্ব।