করোনা আবহে দীর্ঘদিন বন্ধ রয়েছে বাস চলাচল। গত ১ জুলাই থেকে বিধিনিষেধ কিছুটা শিথিল করে বাস চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কিন্তু ভাড়া না বাড়িয়ে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস নামাতে নারাজ বেসরকারি বাসের মালিকরা। সরকারি বাস রাস্তায় নামানো হলেও, তা পর্যাপ্ত নয়। এই অবস্থায় সোমবার সমাধান সূত্র বার করতে বাস মালিকদের বৈঠকে ডেকেছে পরিবহণ দফতর। বৈঠকে ডাকা হয়েছে বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি, সিটি সুবার্বন বাস সার্ভিসেস, মিনিবাস আপারেটার্স কো-অর্ডিনেশন কমিটি, ওয়েস্ট বেঙ্গল অন্ড মিনিট বাস ওনার্স এসোসিয়েশন, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট-সব বেশকিছু বাস মালিকদের সংগঠনকে।
তবে রবিবারও বাস মালিকদের সংগঠন জানিয়ে দিয়েছে, ভাড়া না বাড়ালে তাঁরা কোনওভাবেই বাস রাস্তায় নামাবেন না। শনিবার পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, "সমস্যার কথা আমরা জানি। সরকার বিষয়টা দেখছে। বাস মালিকদের আমরা বার বার বলেছি বাস চালাতে।"