তৃতীয় ঢেউ অবশ্যাম্ভাবী, এ'কথা বলেছিলেন বিশ্বের তাবড় বিজ্ঞানীরাই, কিন্তু তা এত তাড়াতাড়ি, সে ধারণা ছিল না। করোনার তৃতীয় ঢেউয়ে প্রবেশ করতে শুরু করেছি আমরা, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। বৃহস্পতিবার হু-র প্রধান বললেন, ‘‘দুর্ভাগ্যজনক ভাবে আমরা ইতিমধ্যেই তৃতীয় ঢেউয়ের প্রাথমিক স্তরে পৌঁছে গিয়েছি।’’
ডেল্টা রূপ নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় বিশ্বের ১১১টি দেশ। হু-র প্রধান টেড্রস অ্যাডানম ঘেব্রেসুস জানিয়েছেন, একদিকে ডেল্টার ছড়িয়ে পড়া, অন্যদিকে, সর্বসাধারণের করোনা বিধি এড়িয়ে যাওয়ার প্রবণতায় বিশ্বের অধিকাংশ দেশে নতুন করে বাড়তে শুরু করেছে সংক্রমণ। বাড়ছে মৃত্যুও।
ঊর্ধ্বমুখী এই পরিসংখ্যান দেখেই তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করে হু জানিয়েছে, করোনা ভাইরাস যে ক্রমশ নিজেকে বদলাচ্ছে এবং আরও সংক্রামক রূপ নিচ্ছে, তা ভুলে গেলে চলবে না। গত সপ্তাহের পরিসংখ্যান ধরলে সারা দুনিয়ার কোভিড গ্রাফ একটানা চার সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী।