কোচবিহারের শীতলকুচিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে 'হামলা'। তাঁর অভিযোগ, সভা করে ফেরার পথে আনুমানিক দেড়শো থেকে দুশো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর কনভয়ে হামলা চালায়। তাঁর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট। গাড়ির কাচ ভেঙে যায়। ইটের আঘাতে জখম হয়েছেন দিলীপ ঘোষও। ফেসবুক লাইভে এসে এই ঘটনার বিবরণ দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি নিজেই। নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে সভা করার পরও কমিশনের থেকে কোনও সহযোগিতা পাচ্ছে না বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি। দিলীপ ঘোষের দাবি, অবিলম্বে সরকারের এর বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত। না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।