আক্রমণে শান দেওয়ার প্রস্তুতি বিজেপি শিবিরে। সপ্তাহের প্রথম দিন সোমবারই কলকাতা পুরসভা ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। জাল ভ্যাকসিন-কাণ্ড নিয়ে প্রতিবাদ জানাতে শহরের বাইরে থেকে কর্মী, সমর্থক না এনে বিজেপি চায় দলের উত্তর ও দক্ষিণ কলকাতা জেলা সংগঠনের উপরে নির্ভর করেই হবে এই কর্মসূচি। তবে বেশি জোর দেওয়া হচ্ছে দলের যুব ও মহিলা শাখার কর্মীদের আনার বিষয়ে। বিজেপি সূত্রে খবর, গত বুধবারই দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু কলকাতার যুব মোর্চা ও মহিলা মোর্চার নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই পুরসভা ঘেরাও কর্মসূচিকে কী ভাবে বড় আকার দেওয়া যায়, তার পরিকল্পনা করা হয়েছে