দুটি ম্যানেজমেন্ট সংস্থার থেকে মোট ৩৫ কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ চেয়ে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
তিন বছর আগে, ২০১৮ সালে আরবিট্রেশন ট্রাইবুনাল ওই দুই সংস্থা পারসেপ্ট ট্যালেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড এবং পারসেপ্ট ডি মার্ক (ইন্ডিয়া) লিমিটেডকে নির্দেশ দিয়েছিল, সৌরভকে ক্ষতিপূরণ হিসাবে তাদের ওই টাকা দিতে হবে। কিন্তু এই টাকা তারা এখনও দেয়নি বলে অভিযোগ। অবিলম্বে টাকা দেওয়ার জন্য যাতে ওই দুই সংস্থাকে নির্দেশ দেওয়া হয়, তার জন্য বম্বে হাইকোর্টে আবেদন করেছেন সৌরভ।
বিসিসিআই সভাপতির আবেদন, যেন ওই দুই সংস্থা তাদের সম্পত্তির খতিয়ান দ্রুত জানায়। বিচারপতি এ কে মেননের বেঞ্চে দুটি সংস্থা জানিয়েছে, তারা ২০ জুলাইয়ের মধ্যে সম্পত্তির খতিয়ান জানাবে।
আদালতে সৌরভের দাবি অনুযায়ী, মূল ক্ষতিপূরণের আর্থিক পরিমাণ সাড়ে ১৪ কোটি টাকা। বাকিটা এতদিন টাকা না দেওয়ার ফলে তৈরি হওয়া সুদ। সৌরভ এটাও জানিয়েছেন, ওই দুই সংস্থাকে যেন আপাতত তাদের সম্পত্তি লেনদেন করতে দেওয়া না হয়।
প্লেয়ার্স রিপ্রেসেন্টেশন’ নিয়ে সৌরভ এবং দুটি সংস্থার মধ্যে চুক্তি হয়েছিল। পরে কিছু সমস্যা তৈরি হওয়ায় বাতিল হয়ে যায় চুক্তিটি। এরপর সৌরভ তাঁর পাওনা দাবি করেন। কিন্তু ম্যানেজমেন্ট সংস্থা দু'টি সেই অর্থ দেয়নি।