হঠাৎ করেই অস্বস্তি পড়লেন এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানি। গত সোমবারই আদানি গ্রুপের শেয়ার রাতারাতি ২৫ শতাংশ পড়ে যায়। জানা গিয়েছে, আদানির সংস্থায় বিনিয়োগ করা তিনটি বিদেশি সংস্থার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে ‘ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজেটরি লিমিটেড’। আর সেই ধাক্কাতেই শেয়ার বাজারে এমন পতন আদানি গ্রুপের। তাদের শেয়ারের দর কমে গিয়েছে ৫১ হাজার কোটি টাকার বেশি। তবে আদানি গ্রুপের দাবি, অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়নি। এখনও সেগুলি অ্যাকটিভই রয়েছে। যার ফলে কিছুটা হলেও শেয়ার বাজারে উন্নতি হয়েছে সংস্থার। গত মাসের শেষদিকে প্রকাশিত ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, চিনা ধনকুবের জং শানশানকে টপকে এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি হয়েছেন গৌতম আদানি। তাঁর সামনে কেবল মুকেশ আম্বানি।