দেশে করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী, বিশেষজ্ঞরা তেমনটাই জানিয়েছেন। আইআইটি-র একটি গবেষণায় দাবি করা হয়েছে, অগস্টেই ভারতে শুরু হতে পারে করোনার তৃতীয় ঢেউ। অক্টোবর মাসে সংক্রমণ শিখর ছুঁতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। দৈনিক এক থেকে দেড় লক্ষ মানুষ আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
আইআইটি হায়দরাবাদের মথুকুমাল্লি বিদ্যাসাগর ও আইআইটি কানপুরের মণীন্দ্র আগরওয়াল নামের দুই গবেষকের দাবি এমনটাই। একটি গাণিতিক মডেলের উপর নির্ভর করে এই দাবি করেছেন তাঁরা। তাঁদের মতে, তৃতীয় ঢেউয়ের প্রভাব সবথেকে বেশি পড়তে পারে কেরালা ও মহারাষ্ট্রে। তবে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মতো মারাত্মক হবে না তৃতীয় ঢেউ। দ্বিতীয় ঢেউয়ের সময় দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লক্ষের বেশি হয়েছিল। তবে এ ক্ষেত্রে সেটা দেড় লক্ষের মধ্যে থাকবে বলেই দাবি করেছেন তাঁরা।