আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পরই প্রচারে নেমে পড়েছেন তারকারা। যদিও তারকা তকমা সরিয়ে ঘরের ছেলে বা মেয়ে হয়ে ওঠার চেষ্টা করছেন তাঁরা। আর সেই কারণেই কাঠ-ফাটা রোদের মধ্যেই দলের কর্মী-সমর্থকদের সঙ্গে কখনও পায়ে হেঁটে, কখনও সাইকেলে আবার কখনও বাইক নিয়ে প্রচার করতে দেখা যাচ্ছে তাঁদের। একইভাবে প্রচারে নেমে পড়েছেন চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত। মঙ্গলবার কর্মী-সমর্থকদের সঙ্গে বাইকে চড়ে প্রচার করেন তিনি। তাঁকে অবশ্য বাইকে চালকের আসনেই দেখা গিয়েছিল। আর তাঁকে দেখতে রাস্তার ধারে ভিড় জমিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। বাইক থেকেই তাঁদের উদ্দেশে হাত নাড়েন যশ।