বঙ্গ ভোটে এ বছর হরেক রকম রঙ্গ। প্রচারে অভিনবত্ব আনতে কেউ টলি তারকাদের দিয়ে প্রচার করাচ্ছেন, আবার গোরুর গাড়িতে বসেই করছেন প্রচার। তবে শান্তিপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের প্রচারের ধরনটা একটু অন্যরকম। সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকতেই বেশি পছন্দ করেন। তাই এ বার নিজের হাতে ঢোল বাজিয়ে প্রচার সারলেন তিনি। শুধু তাই নয়, টোটো চালাতেও দেখা গিয়েছে তাঁকে। আর তাঁর সওয়ারী ছিল কেন্দ্রীয় বাহিনী। এদিকে তাঁকে টোটো চালাতে দেখে ভিড় জমিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। এর আগে ট্রাক্টর চালিয়ে প্রচার করতে দেখা গিয়েছিল তাঁকে।