নোভাক জোকোভিচের স্বপ্নভঙ্গ। ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জেতা হল না বিশ্বের এক নম্বর টেনিস তারকার। ব্যর্থতার বহিঃপ্রকাশ হলো কোর্টেই। নিজেকে সংযত রাখতে না পেরে কোর্টেই পরপর আঘাত করে র্যাকেট ভাংলেন নোভাক। এর আগেও একাধিকবার নোভাকের এ হেন আচরণের সাক্ষী থেকেছে সারা বিশ্ব।
ইউএস ওপেনে হেরে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জিতে রজার ফেডেরার এবং রাফায়েল নাদালকেও টপকানো হল না জকোভিচের। রাশিয়ার দানিল মেদভেদেভ স্ট্রেট সেটে হারিয়ে দিলেন জোকোভিচকে। ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে জিতে মেদভেদেভ তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব পেলেন।
একই বছর চারটি গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেন জিতে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জেতার হাতছানি ছিল জোকোভিচের সামনে। শেষ বার ১৯৬৯ সালে রড লেভার এই কীর্তি গড়েছিলেন। জেকোভিচ এ বার প্রথম তিনটি গ্র্যান্ড স্ল্যাম জেতায় ৫২ বছর পরে সেই কীর্তি গড়া থেকে এক ধাপ দূরে ছিলেন। কিন্তু শেষ ধাপটি পেরোতে পারলেন না বিশ্বের এক নম্বর।