পুরুলিয়ার জয়পুরে নির্দল প্রার্থী দিব্যজ্যোতি সিংদেওকে সমর্থন করবে তৃণমূল। মঙ্গলবার পুরুলিয়ার সভা থেকে একথা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনোনয়নপত্রে ত্রুটি থাকায় ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল করে দিয়েছিল নির্বাচন কমিশন। এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেখানে পুরোনো মনোনয়নপত্রের ভিত্তিতেই তাঁকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় কমিশন। এরপর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশকে খারিজ করে কমিশনের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছিল। এই পরিস্থিতিতে ওই কেন্দ্রের নির্দল প্রার্থীকে সমর্থন করবে বলে জানাল তৃণমূল।