ভোট প্রক্রিয়া অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে দলের কর্মীদের। অন্যায়ভাবে আটক করা হচ্ছে তাঁদের। সপ্তম দফার ভোটের দিনই এই অভিযোগ তুলে জাতীয় নির্বাচন কমিশন, রাজ্যে নির্বাচনী আধিকারিককে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। আইনজীবী মারফৎ অভিযোগ জানানো হয়েছে, ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনকেও। তৃণমূলের অভিযোগ, ২৪ এপ্রিল থেকে বিভিন্ন থানার পুলিশ, অন্যায়ভাবে তাদের কর্মী-সমর্থক-বুথ পর্যবেক্ষক এবং এজেন্টদের ধরপাকড় করছে। সোমবার ভোট হচ্ছে পশ্চিম বর্ধমানে। তৃণমূলের অভিযোগ, আসানসোল দক্ষিণ, হীরাপুর ও জামুড়িয়া থানার পুলিশ ৭ জনকে আটক করেছে। সমর্থকদের গ্রেফতারির হুমকিও দিচ্ছে পুলিশ। নির্বাচন কমিশনের পাশাপাশি, আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট থানাগুলিকেও এই অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের তরফে।