শনিবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২ ম্যাগনিটিউড। স্থানীয় সময় অনুসারে সন্ধে ৬টা ১০ মিনিটে কম্পন শুরু হয়। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে এর ফলে টোকিওতেও কেঁপে ওঠে বেশ কয়েকটি বহুতল। উত্তরের উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি বলে বিপর্যয় মোকাবিলা দফতরের জানানো হয়েছে।
২০১১ সালে তীব্র ভূমিকম্প ও সুনামির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল জাপানের মিয়াগি। এই অঞ্চলে ভূমিকম্প হলেই সেখানে সুনামির আশঙ্কা তৈরি হয়। তাই শনিবারও সেখানে সুনামি-সতর্কতা জারি করা হয়েছিল। ইতিমধ্যেই সেখানে এক মিটার সুনামি হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।