একদল উপরে, আর একটি দল নিচে৷ সাঁড়াশি আক্রমণে নিউটাউনে সাফল্য পেল এসটিএফ। নিউটাউনের সাপুরজি আবাসনে জয়পাল সিংহ ভুল্লার এবং যশপ্রীত সিংহ নামে দুই গ্যাংস্টার ৫ তলায় লুকিয়ে আছে জেনেই বুধবার দুপুর নাগাদ অভিযান চালায় এসটিএফ। দুষ্কৃতীরা কোনও কিছু বুঝে ওঠার আগেই গোটা এলাকা ঘিরে ফেলে এসটিএফ। দু’টি দলে ভাগ হয়ে যায় পুলিশের ওই বিশেষ ফোর্স। একটি দল যায় উপরে। আরেকটি দল নিচেই দাঁড়ায় যাতে দুষ্কৃতীরা পালাতে না পারে।
আবাসনের নিচে পুলিশ দেখেই ৯এমএম বন্দুক থেকে গুলি ছুড়তে শুরু করেছিল ওই দুই দুষ্কৃতী। নিচে দাঁড়িয়ে পাল্টা গুলি ছুড়তে থাকে পুলিশের একটি দল। আর ঠিক সেই সময়েই অন্য দলটি সিড়ি ধরে উপরে উঠে আসার সময় পেয়ে যায়। উপরে আসতে পুলিশের ওই দলের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। একজন পুলিশকে ধাক্কা মেরে ফেলেও দেয়। সেই সময়েই পুলিশের পাল্টা হামলায় নিহত হয় জয়পাল ও যশপ্রীত।