একের পর এক মৃত্যু। একটি মৃত্যুর অভিঘাত কাটিয়ে ওঠার আগেই আছড়ে পড়ছে আরেকটি মৃত্যুসংবাদ। তারপর আরও, আরও মৃত্যুর খবর। কালান্তক হৃদরোগ এবার কেড়ে নিল সাহিত্যিক, সাংবাদিক শীর্ষ বন্দ্যোপাধ্যায়কে৷ সোমবার গভীর রাতে গড়িয়াহাটের বাড়িতে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৫০। বাথরুমে সংজ্ঞা হারান তিনি। সকালে তাঁর মেয়ে গিয়ে তাঁকে দেখতে পান। এরপর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সাহিত্যিকের অকাল প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্যিক মহল।
সাংবাদিক হিসেবেও পরিচিত ছিলেন তিনি। একাধিক বাংলা দৈনিক সংবাদপত্র ও চ্যানেলে কাজ করেছেন শীর্ষবাবু। উপন্যাসের পাশাপাশি ছোটগল্প ও প্রবন্ধও লিখেছেন তিনি। বাংলা সাহিত্য জগতের নতুন প্রজন্মের সম্ভাবনাময় স্রষ্টাদের অন্যতম ছিলেন তিনি।