চেক প্রজাতন্ত্রকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছল ইংল্যান্ড। ১২ মিনিটের মাথায় ইংরেজদের হয়ে হয়ে একমাত্র গোলটি করেন রাহিম স্টার্লিং। টুর্নামেন্টের শুরু থেকে দুরন্ত ছন্দে রয়েছেন ম্যান সিটি তারকা। অন্যদিকে, অনিশ্চয়তার মুখ থেকে ফিরে এসে নক আউট পর্বে যাওয়া নিশ্চিত করল বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়া। মরণ-বাঁচন ম্যাচে স্কটল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিলেন লুকা মদ্রিচ-ইভান পেরিসিচরা।
মঙ্গলবার চেক প্রজাতন্ত্রকে হারালেও নজর কাড়েনি ইংল্যান্ডের খেলা। বরং অনেক বেশি নাটকীয়তা ছিল ক্রোয়েশিয়া-স্কটল্যান্ড ম্যাচে। যে দল জিতবে, সেরা তৃতীয় দল হিসাবে তাদের সামনে নক আউটে ওঠার সুযোগ ছিল।
ম্যাচের ১৭ মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন নিকোলা ভ্লাসিচ। ৪২ মিনিটে সমতা ফেরান স্কটল্যান্ডের ক্যালাম ম্যাকগ্রেগর। দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে গোল করে ফের ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন লুকা মদ্রিচ। ৭৭ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান ইভান পেরিসিচ।