সোমবার শক্তি বাড়িয়ে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ইয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকালেই ওড়িশা ও বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। এদিকে ইতিমধ্যেই তার প্রভাব পড়তে শুরু করেছে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে। সকাল থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। তেমনভাবে সূর্যের দেখা পাওয়া যায়নি। তবে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই তৎপর রাজ্য সরকার। ইতিমধ্যেই বিপর্যয়ের মোকাবিলার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা পুরসভা ও রাজ্য বিদ্যুৎ দফতর।