আগামী ৭২ ঘণ্টা কোচবিহারে প্রবেশ করতে পারবেন না কোনও রাজনৈতিক নেতা-নেত্রী। শনিবার নির্বাচন কমিশনের তরফে নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে। একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য বা কেন্দ্রীয় স্তরের কোনও রাজনৈতিক নেতা-নেত্রী আগামী ৭২ ঘণ্টা কোচবিহারের ভৌগলিক সীমানার মধ্যে যেতে পারবেন না। পাশাপাশি বদল আনা হয়েছে নির্বাচনী প্রচারের নিয়মেও। ৪৮ ঘণ্টা নয়, ৭২ ঘণ্টা আগে শেষ করতে হবে ভোটের প্রচার। উল্লেখ্য, শনিবার চতুর্থ দফার নির্বাচনে শীতকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়া ভোট চলাকালীন মৃত্যু হয়েছে আরও এক জনের। চতুর্থ দফার নির্বাচনে কোচবিহারে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এরপরই তৎপর হয়ে ওই জেলায় রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন।