চুক্তি সংক্রান্ত সমস্যা নিয়ে উত্তাল লাল-হলুদ ক্লাব প্রাঙ্গণ। শ্রী সিমেন্টের পাঠানো টার্ম শিটে সই করা নিয়ে ক্লাবের সামনে হাতাহাতিতে জড়ালেন দু'দল ইস্টবেঙ্গল সমর্থক। নজিরবিহীন উত্তেজনার সাক্ষী থাকল ময়দান। কয়েকজন লাল হলুদ সমর্থককে গ্রেফতার করল পুলিশ।
ইনভেস্টর- ক্লাবকর্তাদের বিরোধের জেরে ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ এখন বিশ বাঁও জলে। এই অবস্থায় বুধবার তাঁবু অভিযানের ডাক দিয়েছিল ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার, ইস্টবেঙ্গল আল্ট্রাস-সহ একাধিক ফ্যান ফোরাম৷ বিক্ষোভ ঠেকাতে ক্লাবের সামনে পাল্টা জমায়েত করে শাসকগোষ্ঠীও।
বিরোধী সমর্থকদের সঙ্গে ক্লাবকর্তাদের অনুগামীদের হাতাহাতি বেধে যায়। এরপরই ব্যারিকেড করে দু'পক্ষকে আলাদা করে দেয় পুলিশ। গোটা ঘটনার ভিডিও করা হয়। কয়েকজনকে আটকও করা হয়েছে।
ক্লাবের শাসকগোষ্ঠীর দাবি, সমর্থকদের একাংশকে উস্কানি দিয়ে অশান্তি তৈরির চেষ্টা চলছে। বিরোধী গোষ্ঠীগুলির পাল্টা দাবি, অশান্তির নেপথ্য ক্লাবকর্তারাই। তাঁরাই ম্যাটাডোরে করে লোক জড়ো করেছেন, হাতে নীল-সাদা রিবন পরিয়ে তাঁদের চিহ্নিত করার ব্যবস্থাও করেছেন৷ পুলিশের লাঠিচার্জে এক সমর্থকের মাথা ফেটেছে বলেও দাবি করা হচ্ছে।