২৩ জুলাই থেকে শুরু হবে টোকিও অলিম্পিক। কিন্তু, করোনার দাপটের কথা চিন্তা করে চলতি বছরের গ্রীষ্মে দেশের মাটিতে অলিম্পিকের আসর বসুক তা চান না ৮০ শতাংশ জাপানি। স্থানীয় এক সংবাদমাধ্যমের তরফে একটি সার্ভে করা হয়েছিল। তার পরিসংখ্যান বলছে, অলিম্পিক বাতিল করার পক্ষে রয়েছেন ৪৩ শতাংশ। ৪০ শতাংশ চান অলিম্পিকের সূচি পিছিয়ে যাক। আর নির্ধারিত সূচি মেনে গ্রীষ্মেই অলিম্পিকের আয়োজনের পক্ষে রয়েছেন মাত্র ১৪ শতাংশ মানুষ।
জাপানে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। প্রাথমিকভাবে টোকিও, ওসাকার মতো কিছু শহরে জরুরি অবস্থা জারি করা হয়। ১১ মে জরুরি অবস্থা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, সংক্রমণ বাড়ায় জরুরি অবস্থা আরও বাড়ানো হয়েছে।