আলিপুর চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে পড়লেন এক ব্যক্তি। সিংহের থাবায় ওই ব্যক্তি জখম হয়েছেন বলে জানা গিয়েছে। আপাতত তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনা ঘিরে এদিন দুপুরে চিড়িয়াখানাজুড়ে শোরগোল পড়ে যায়। নজর এড়িয়ে কীভাবে ওই ব্যক্তি সিংহের এনক্লোজারে ঢুকে পড়লেন তা নিয়ে প্রশ্ন উঠছে।
এদিন সকালে সিংহের খাঁচার সামনে ঘোরাঘুরি করতে দেখা যায় গৌতম গুছাইত নামের এক ব্যক্তিকে। পরে এনক্লোজারের পাশের গাছ বেয়ে টপকে খাঁচার মধ্যে ঢুকে পড়েন সাধুবেশী এক ব্যক্তি। এরপরই ওই ব্যক্তিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে সিংহ। ফলে ব্যক্তির শরীরে সিংহের থাবা লেগেছে। যদিও সঙ্গে সঙ্গেই চিড়িয়াখানার নিরাপত্তা রক্ষীদের ওই ঘটনা নজরে আসে। কোনও মতে খাঁচা থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। কর্মীদের তৎপরতায় এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা। গৌতম মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন কিনা, তা এখনও জানা যায়নি।