বঙ্গ ভোটে এ বার ধরা পড়েছে হরেকরকম রঙ্গ। প্রচার থেকে শুরু করে প্রার্থী তালিকা সব জায়গাতেই ছিল চমক। আর সেই চমকের নয়া সংযোজন ছিল "খেলা হবে" স্লোগান। হঠাৎ করে এই স্লোগান শুনলে মনে হতেই পারে যেন গ্যালারি থেকে ভেসে আসছে লাখ লাখ মানুষের জয়োচ্ছ্বাস। আসলে এই স্লোগানের সঙ্গে খেলা ভীষণভাবে যুক্ত। কিন্তু না। আসলে বাংলার ভোট প্রচারের অনেকটা অংশ জুড়ে ছিল এই স্লোগান। এ বার রাজ্যের শাসকদল তৃণমূলের জমকালো স্লোগান ছিল এটি। নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় একাধিকবার শোনা গিয়েছিল এই স্লোগান। এমনকী, খেলার জন্য প্রচার শেষে স্থানীয়দের উদ্দেশে ফুটবলও ছুড়ে দিতেন তিনি। এদিকে নির্বাচনে খেলা যে সত্যিই হয়েছে তা নিজের মুখেই স্বীকার করে নিলেন তৃণমূল সুপ্রিমো। আর সেই স্লোগানের সম্মানেই ক্লাবগুলির হাতে ৫০ হাজার ফুটবল তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। বলেন, "এ বারের নির্বাচনে দুটি স্লোগান খুব কাজে লেগেছে। "খোলা হবে" আর "জয় বাংলা"। সত্যিই খেলা হয়েছে। আর খেলা শেষে আমরা জিতেছি। আর সেই কারণে গরিব ক্লাবগুলিকে ৫০ হাজার ফুটবল অনুদান দেব।"