কেরলে আতঙ্ক বাড়িয়ে ফের নিপা ভাইরাসের হদিশ মিলল কোঝিকোড়ে! ৩ বছর আগে কেরলের কোঝিকোড় এবং মলপ্পুরমে ১৭ জনের মৃত্যু হয়েছিল নিপায়! এবার করোনার মধ্যেই নিপা সংক্রমণে মৃত্যু হয়েছে ১২ বছরের এক বালকের। মৃতের বাড়ির ৩ কিলোমিটারের মধ্যে জারি হয়েছে সতর্কতা।
করোনার মতই নিপা ভাইরাসেরও অন্যতম উপসর্গ জ্বর। এই অবস্থায় নিপা ভাইরাস নিয়ে আগেভাগেই সতর্ক কলকাতা পুরসভা। পুর প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ জানান, নিপা ভাইরাস কেরলে হানা দিয়েছে। কলকাতা পুরসভা বিষয়টি সংবাদমাধ্যমে দেখেছে। এখানে করোনা রুখতে যে টিম কাজ করে, তারা সতর্ক আছে। যদি কিছু হয়, তাহলে ব্যবস্থা নিতে পারবে KMC।
নিপা ভাইরাসের বাহক বাদুড় ও শুয়োর। বিশেষজ্ঞরা বলছেন, নিপা ভাইরাসে সংক্রমিত হলে হঠাৎ জ্বর আসতে পারে। সঙ্গে হতে পারে মাথা ব্যথা, পেশিতে টান ও বমিভাব।
২০০১ সালে রাজ্যে (West Bengal) অজানা জ্বরে মৃত্যু হয় ৪৫ জনের। ২০০৭ সালে, নদিয়ায় অজানা জ্বরে ৫ জনের মৃত্যু হয়। ২০১১ সালে বাংলাদেশে নিপা (Nipah virus) ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়, শতাধিক মানুষের। সেসময় বাংলাদেশ লাগোয়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও অজানা জ্বরে বেশ কয়েকজন আক্রান্ত হন। সবকটি ক্ষেত্রেই, উপসর্গের সঙ্গে নিপা ভাইরাসের উপসর্গের মিল পান বিশেষজ্ঞরা। সেই অভিজ্ঞতা থেকেই চূড়ান্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।