সকাল বেলার বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে এখনও উত্তেজনা রয়েছে জোড়াসাঁকো বিধানসভা এলাকায়৷ ঘটনাস্থল, অর্থাৎ মহাজাতি সদন সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী৷ ঘটনাস্থলে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীও। বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে তৃণমূল। যদিও বিজেপি অভিযোগ মানতে নারাজ। অষ্টম দফার ভোটের দিন সকালই মধ্য কলকাতায় বোমাবাজির ঘটনা ঘটে। জোড়াসাঁকো কেন্দ্রের অর্ন্তগত মহাজাতি সদনের সামনে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপরে পরপর দুটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। সকাল ৭টা ৫০ নাগাদ এই বোমাবাজির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, দুটিই বেশ শক্তিশালী বোমা ছিল। বোমার ভিতরে স্প্লিন্টার হিসেবে ছিল লোহার বল। জোড়াসাঁকো বিধানসভার তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তর অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গাড়িতে করে এসে বোমা ছোড়ে। সংখ্যালঘু প্রধান এলাকায় আতঙ্ক ছড়াতেই বোমাবাজি করা হয়েছে।