এক বছরেরও বেশি সময় অপেক্ষার পর ভারতীয় ফুটবল দলকে আবার মাঠে দেখা যাবে বৃহস্পতিবার। দুবাইয়ের মাকতুম বিন রশিদ মাকতুম স্টেডিয়ামে নামবেন ব্লু টাইগাররা। এশিয়ার অন্যতম সেরা দল ওমানের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে নামছে ভারত। ২০১৯-এর নভেম্বরে নীল জার্সির ফুটবলারদের শেষ মাঠে দেখা গিয়েছিল। এক বছরের বেশি সময় পর মাঠে নামলেও খুব একটা অচেনা প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে না ভারতীয় দল। তারা যে প্রতিপক্ষ হিসেবে বেশ কঠিন, তা জেনেশুনেই বৃহস্পতিবার দুবাইয়ে দর্শকহীন ম্যাচে খেলতে নামবেন প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গন, অনিরুদ্ধ থাপা, মনবীর সিং, ইশান পন্ডিতারা। ২০১৯-এ দু’বার ভারত মুখোমুখি হয়েছিল বিশ্বের ৮১ নম্বর দলের। ঘরের মাঠে ভারত হেরেছিল ১-২ ব্যবধানে ও ওমানে গিয়েও হারতে হয়েছিল ০-১-এ।