পিছিয়ে গেল ভারত-শ্রীলঙ্কার একদিনের সিরিজ। তিনটি ম্যাচের সিরিজ শুরু হওয়ার কথা ছিল আগামী ১৩ জুলাই। কিন্তু সিরিজ শুরুর আগেই করোনার থাবা শ্রীলঙ্কা শিবিরে। দলের কয়েকজন সাপোর্ট স্টাফের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে সিরিজের খেলা কয়েকদিন পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। নতুন সূচী চূড়ান্ত করতে আলোচনা করছে বিসিসিআই এবং শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। বিসিসিআই সূত্রের খবর, ১৭ বা ১৮ জুলাই সিরিজ শুরু হতে পারে।
ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার সহ শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাপোর্ট স্টাফের দুজন করোনা আক্রান্ত হয়েছেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, এই দুজনেই কোভিড-১৯ এর ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন, যা অতি সংক্রামক। সিরিজের পরিবর্তিত সূচী শীঘ্রই জানাবে বিসিসিআই ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।