দেশের সব মানুষকে খাদ্যসুরক্ষা দেওয়ায় ব্যর্থতা ও প্রকট লিঙ্গবৈষম্যের কারণে রাষ্ট্রপুঞ্জের ‘সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল’ বা স্থায়ী উন্নতির সূচকে আগের তুলনায় দু’ধাপ নীচে নেমে গেল ভারত প্রতিবেশী বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কার মতো তথাকথিত ছোট দেশও ওই তালিকায় ভারতের উপরে রয়েছে। ২০১৫ সালে রাষ্ট্রপুঞ্জ ‘সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল’ পরিকল্পনা হাতে নিয়েছিল। রাষ্ট্রপুঞ্জের ওই পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে বিশ্বে যাতে শান্তি ও সমৃদ্ধি আসে, সেই লক্ষ্যে ১৭টি বিষয়কে চিহ্নিত করে তা দূর করতে দেশগুলিকে পদক্ষেপ করতে বলা হয়। ওই ১৭টি বিষয়ের মধ্যে প্রথমেই রয়েছে দারিদ্র দূরীকরণ। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছে, সকলের জন্য খাদ্যসুরক্ষা, সুস্বাস্থ্য, উন্নত মানের শিক্ষা, লিঙ্গবৈষম্য রোধ। প্রতিবেশী দেশগুলির তুলনায় দ্বিতীয় ও পঞ্চম বিষয়ে খারাপ ফল করায় ভারতের স্থান দু’ধাপ নীচে নেমে গিয়েছে বলে রিপোর্টে জানানো হয়েছে।