দেশে ভয়াবহ আকার নিচ্ছে করোনা ভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশের সঙ্গে পাল্লা দিয়ে সংক্রমণ বাড়ছে রাজ্যেও। এই পরিস্থিতিতে ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে করোনার টিকা দেওয়া হবে বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আর এরই মধ্যে রাজ্যের সবাইকে ৫ মে থেকে বিনামূল্যে করোনার টিকা দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আমরা ২০০টি সেফ হাউজ ও ১০০টি হাসপাতাল কোভিড চিকিৎসার জন্য নিয়েছি। আস্তে-আস্তে যখন মেশিনারি তৈরি হয়ে যাবে, ভ্যাকসিন আমাদের হাতে এসে যাবে, আমরা সবাইকে বিনা পয়সায় ভ্যাকসিন দেব, যাতে আর কোনওদিন মানুষকে ভুগতে না হয়।" উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্যে বিধানসভা নির্বাচন চলছে। আট দফায় ভোটগ্রহণ শেষ ২৯ এপ্রিল। তারপর ২ মে গণনা।