শুক্রবার রাতেই বোধন হচ্ছে ইউরো কাপের৷ ধারে ভারে কার্যত বিশ্বকাপের সমান এই টুর্নামেন্ট। ব্রাজিল, আর্জেন্টিনা না থাকলেও বিশ্বের সেরা ১০টি দলের ৭টি অংশ নেবে এই টুর্নামেন্টে। শুক্রবার রোমের স্টেডিয়ো অলিম্পিকোতে মুখোমুখি হবে ইটালি এবং তুরস্ক। এবারের প্রতিযোগিতায় ‘গ্রুপ অফ ডেথ’ নিঃসন্দেহে গ্রুপ ‘এফ’, যেখানে রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, গতবারের বিশ্বকাপজয়ী ফ্রান্স এবং গতবারের ইউরো কাপজয়ী পর্তুগাল। উয়েফার নিয়মে প্রত্যেকেই পরের পর্বে যেতে পারে। ১৫ জুন মুখোমুখি হবে ফ্রান্স এবং জার্মানি। ১৯ জুন পর্তুগালের বিরুদ্ধে খেলবে জার্মানি। গতবারের ইউরো কাপের ফাইনালে ওঠা দুই দল পর্তুগাল এবং ফ্রান্স মুখোমুখি হবে ২৪ জুন। ফিফার ক্রমতালিকায় শীর্ষে থাকা বেলজিয়াম ১৩ জুন তাদের অভিযান শুরু করছে রাশিয়ার বিপক্ষে। ইংল্যান্ড প্রথম ম্যাচে খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ১৩ জুন। ১৫ জুন সুইডেনের বিরুদ্ধে অভিযান শুরু করছেন স্পেন।