১৯৬৬ সালে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। তারপর কেটে গিয়েছে ৫৫ বছর। আর্ন্তজাতিক ফুটবলে আর কোনও বড় সাফল্য পায়নি তারা। বিশ্বকাপ, ইউরো কাপ- সর্বত্র সঙ্গী কেবলই ব্যর্থতা। অথচ, এই দীর্ঘ সাড়ে ৫ দশকে অসংখ্য তারকা ফুটবলারের জন্ম দিয়েছে ইংল্যান্ড। কিন্তু বেকহ্যাম, আওয়েন, অ্যালান শিয়ারার- সাফল্য পাননি কেউই।
ভারতীয় সময় রবিবার রাতে তাই ইতিহাসের চাকাটা উল্টো দিকে ঘুরিয়ে দিতে নামবেন হ্যারি কেন, রহিম স্টার্লিংরা। টুর্নামেন্টে দুরন্ত ফর্মে থাকা থ্রি লায়ন্স এবার ঘরের মাঠে জিততে মরিয়া।
উল্টোদিকে ইটালি। বিশ্ব ফুটবলে চিরকাল সমীহ জাগানো নাম। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু ২০০৬ সালে বিশ্বকাপ জেতার পর থেকেই অন্ধকার সময়ের শুরু। ২০১৮ সালের বিশ্বকাপে সুযোগই পাননি আজ্জুরিরা৷ তারপরই কোচ মানচিনির হাত ধরে ঘুরে দাঁড়ানো শুরু। আক্রমণ আর রক্ষণের মিশেলে সংঘবদ্ধ এই ইটালিকে হারানো কঠিন।