ইনভেস্টরের সঙ্গে চুক্তি সংক্রান্ত বিতর্কের জেরে অব্যাহত এসসি ইস্টবেঙ্গলের ঘর ভাঙা। লাল হলুদ জার্সি ছেড়ে ইংল্যাণ্ডের দ্বিতীয় ডিভিশনের ক্লাব কভেন্ট্রি সিটি এফসি-তে যোগ দিলেন ব্রাইট এনোবাখারে।
গত মরসুমে এসসি ইস্টবেঙ্গল দলের হয়ে আইএসএলে দুরন্ত ফুটবল খেলেছিলেন ব্রাইট। টুর্নামেন্টের সেরা গোল এসেছিল তাঁর পা থেকে। এ মরসুমের শুরু থেকেই ব্রাইটকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। ভারতের কিছু ক্লাবের সঙ্গে কথাও হয়েছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ডেই পাড়ি জমালেন তিনি।
বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের চূড়ান্ত চুক্তিপত্রে সই না হওয়ায় সমস্যা তৈরি হয়েছে ফুটবলারদের ভবিষ্যৎ নিয়ে। চূড়ান্ত চুক্তি সই না হলে মাঠে দলই নামাবে না এসসি ইস্টবেঙ্গল। এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে শ্রী সিমেন্টের পক্ষ থেকে। সেই কারণে লাল-হলুদের কলকাতা লিগ খেলা নিয়েও তৈরি হয়েছে সংশয়। এক এক করে দল ছাড়ছেন ফুটবলাররাও।