শতাব্দীপ্রাচীন ক্লাব ইস্টবেঙ্গলের সমস্যার জট আরও বাড়ল। শুক্রবার ক্লাবের কর্মসমিতির বৈঠকের পর জানিয়ে দেওয়া হল, ইনভেস্টর শ্রী সিমেন্টের পাঠানো চুক্তিপত্রে সই করবে না ক্লাব। অন্যদিকে শ্রী সিমেন্ট জানিয়েছে, সই না হলে তারা টিম তৈরি করবে না। ফলে আদৌ লাল হলুদ মাঠে নামবে কিনা, তাই নিয়েই তৈরি হয়েছে সংশয়।
শুক্রবার রাতে কর্মসমিতির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘এই চুক্তি সই করলে ক্লাবের সদস্যদের অধিকার ক্ষুণ্ণ হতে পারে। সেই কারণেই এই চুক্তিতে সই করতে চাই না আমরা। আমরা চাই না সদস্য-সমর্থকদের অপমান হোক। এই অবস্থায় আমরা সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে ক্লাবের পাশে থাকতে অনুরোধ করছি। সভ্য-সমর্থক ও প্রাক্তন খেলোয়াড়দের মতামতও আহ্বান করছি।’
এই বিজ্ঞপ্তিতে সই করেছেন কর্মসমিতির বৈঠকে উপস্থিত থাকা ২৪ জন সদস্য। তবে ক্লাবকর্তাদের এই অনড় অবস্থানে একদমই বিচলিত নন শ্রী সিমেন্ট কর্তারা। তাঁরা বলেছেন, সই না হলে তাঁরাও দল গড়বেন না। তাঁরাও অনড় তাঁদের সিদ্ধান্তে।