টানা দু’বার অলিম্পিক্স ফুটবলে সোনা জিতল ব্রাজিল। আর্জেন্টিনার কৃতিত্বকে ছুঁয়ে ফেলল তারা। ২০০৪ এবং ২০০৮ সালে পরপর দু’বার অলিম্পিক্সে সোনা জিতেছিল আর্জেন্টিনা। এ বার ব্রাজিলও চলে এল সেই তালিকায়।
ইয়োকোহামা স্টেডিয়ামে ফাইনালে স্পেনকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে ব্রাজিল। উল্লেখ্য, ২০০২ সালে এই মাঠেই পঞ্চম এবং এখনও পর্যন্ত তাদের শেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল।
বিশ্বকাপ ফুটবলে সাফল্য পেলেও অলিম্পিক্সে দীর্ঘদিন ধরে কোনও সাফল্য ছিল না ব্রাজিলের। ২০১৬-য় খরা কাটে। ঘরের মাঠে রিয়োর মারাকানা স্টেডিয়ামে জার্মানিকে পেনাল্টি শুট-আউটে হারিয়ে সোনা জেতে ব্রাজিল।