ভারত ও বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে মাইলস্টোনের সামনে বিরাট কোহলি। টেস্টে ৯ হাজার রান করতে তাঁর লাগবে আর মাত্র ১৫২ রান! ভারতীয় ক্রিকেটের ইতিহাসে টেস্টে মাত্র ৩ জন এই উচ্চতায় পৌঁছেছেন। সেই ৩ জন হলেন- সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং সুনীল গাওস্কর। বিরাট কোহলি ৯ হাজার রানের ক্লাবে ঢুকলে টেস্টে মোট ৪ জন ভারতীয় ক্রিকেটার 'নাইন থাউজেন্ড ক্লাব'-এর মেম্বার হবেন! শুধু তাই নয়। আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান স্পর্শ করতে বিরাটের প্রয়োজন আর মাত্র ৫৮ রান। এর আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের। এই রেকর্ড স্পর্শ করতে তেন্ডুলকরের লেগেছিল ৬২৩টি ইনিংস। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ২৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করলে কোহলি এই রেকর্ডটি স্পর্শ করে ফেলবেন ৫৯১টি ইনিংসে।
বাংলাদেশের বিপক্ষে বিরাট কোহলির দুর্দান্ত রেকর্ড রয়েছে। ৬টি টেস্ট ম্যাচে ৯ ইনিংসে ৫৪.৬৩ গড়ে ৪৩৭ রান করেছেন। ২টি শতরান রয়েছে তাঁর, যার মধ্যে তাঁর সর্বোচ্চ ২০৪ রান।
শুধু বিরাটই নন, রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মাও। টেস্ট ক্রিকেটে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সবথেকে বেশি ওভার বাউন্ডারি মারার রেকর্ড রয়েছে বীরেন্দ্র শেহবাগের দখলে। আর মাত্র ৮টি ছয় মারলে সেই রেকর্ড স্পর্শ করে ফেলবেন রোহিত। ফর্মে থাকলে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে শেহবাগের রেকর্ড রোহিত ভেঙে ফেলবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও, বাংলাদেশের বিপক্ষে ব্যাটসম্যান হিসেবে রোহিত শর্মার টেস্ট রেকর্ড তুলনায় আশাপ্রদ নয়। তিনটি টেস্ট খেলে মাত্র ৩৩ রান করেছেন তিনি। গড় মাত্র ১১। সর্বোচ্চ ২১ রান।