রবিবার বিশ্বকাপের বড় ম্যাচ। নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। কিন্তু এই ম্যাচের আগে চিন্তায় ভারতীয় শিবির। চিন্তা নাসাউয়ের বাইশ গজ নিয়ে। ভারত অধিনায়ক রোহিত শর্মার পর এবার এই উদ্বেগ প্রকাশ করলেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডকে আট উইকেটে হারিয়ে অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। ম্যাচ শেষে ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর জানিয়েছেন, খুবই কঠিন উইকেট। প্রথম একঘণ্টা যাঁর, গোটা ম্যাচ তাঁদের হতে পারে। তবুও, তাঁরা চেষ্টা করবেন কী ভাবে এই উইকেটে খেলা যায়।
আয়ারল্যান্ডকে হারানোর পরেই ভারত অধিনায়ক জানিয়েছিলেন, পিচ দেখেই দল নির্বাচন করবেন। কারণ, এই পিচে রোজ যে সিমাররা সফল হবেন, এমন নয়। স্পিনারদের জন্য এই পিচ কাজ করতে পারে বলে মনে করেন রোহিত। তবে, টিম ইন্ডিয়ার চিন্তা এই বাইশগজের রকমফের নিয়ে।