টানা দুবার ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টস। গতবার ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। ২৩ বছর পর ডুরান্ড কাপে জিতেছিলেন দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংসরা। কোচ জুয়ান ফেরান্দোর হাত ধরেই সেবার সাফল্য আসে। এবার মরশুমের শুরুতেই ডুরান্ড ফাইনালে ফের জয়ের সুযোগ মোহনবাগানের সামনে। একই সুযোগ থাকছে দলের নতুন কোচ হোসে মোলিনার সামনেও। সল্টলেক স্টেডিয়ামে ঘরের মাঠে নর্থ ইস্টের বিরুদ্ধে অনেকটাই অ্যাডভান্টেজে সবুজ-মেরুন।
কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল। দুবারই ৯০ মিনিটে খেলা শেষ হয়নি। আক্রমণের ঝাঁঝ বাড়ালেও ডুরান্ডের দুটি দলের বিরুদ্ধে কিছুটা হলেও বেগ পেতে হয়েছিল। দুবারই টাইব্রেকারে নায়ক হয়ে দলকে বাঁচিয়েছেন বিশাল কাইথ। ফাইনাল অন্য লড়াই। প্রথম ৯০ মিনিটে দলকে জয় ছিনিয়ে নিতে হবে। সেই স্ট্র্যাটেজি বানাচ্ছেন কোচ হোসে মোলিনা।
জানা গিয়েছে, চোট পাওয়া জেমি ম্যাকলারেন এখন অনেকটাই সুস্থ। এখনও পর্যন্ত ডুরান্ডে তাঁকে খেলানো হয়নি। ফাইনালে তাঁকে নিয়ে ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবার বেঙ্গালুরু ম্যাচে চোট পেয়েছেন দলের অধিনায়ক শুভাশিস বসু। শেষ মুহূর্তে ফিট হয়ে গেলে তাঁকে নিয়ে সিদ্ধান্ত নেবেন কোচ হোসে মোলিনা। ফাইনালের আগে দলের একমাত্র চিন্তার কারণ রক্ষণ। গত দুটি নকআউট ম্যাচের মতো হবে না ফাইনাল। প্রথম একাদশে কারা থাকবেন, দলের রক্ষণের ছকই বা কী হবে! দুদিন আগে থেকেই সব কিছু গুছিয়ে নিতে চাইছে সবুজ-মেরুন ব্রিগেড।
এদিকে ডুরান্ড কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে উঠেছে নর্থ ইস্ট ইউনাইটেড। শেষ চারের লড়াই শিলং লাজংকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে তাঁরা। মোহনবাগানের কাছে তাই লড়াইটা তাই খুব সহজ হবে না। শনিবার ফাইনালে মোহনবাগান ঘরের মাঠে খেলায় অনেকটাই এগিয়ে থাকবে। মাঠের গ্যালারি তাঁদের পক্ষেই থাকবে। সেসব বিষয় মাথায় রেখেই আক্রমণ সাজাবে নর্থ ইস্ট ইউনাইটেড। সেমিফাইনালে প্রথমার্ধেই ২টি গোল পেয়ে প্রতিপক্ষের মনোবল ভেঙে দিয়েছিল তাঁরা। এবারও মোহনবাগানের বিরুদ্ধে ফাইনালে সেটাই টার্গেট নর্থ-ইস্ট ইউনাইটেডের।