ডুরান্ড ডার্বির আগে বিরাট জয় মোহনবাগান সুপার জায়েন্টের। বৃহস্পতিবার যুবভারতীতে ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে হাফ ডজন গোলে জিতে মাঠ ছাড়ল সবুজ-মেরুন। ম্যাচে জোড়া গোল বিশ্বকাপার জেসন কামিন্সের। ম্যাচের চার মিনিটে তাঁর গোল দিয়েই বায়ুসেনার দূর্গে প্রথম হানা দিয়েছিল সবুজ-মেরুন।
মরশুমের প্রথম টুর্নামেন্টে জয় দিয়েই শুরু করেছিল মোহনবাগান। কাশ্মীরের ক্লাব ডাউনটাউনের বিরুদ্ধে মূলত জুনিয়রদের নিয়ে দল সাজিয়ে মাঠে নেমেছিল কলকাতার অন্যতম বড় প্রধান। কিন্তু এদিন প্রায় পূর্ণ শক্তি নিয়ে বায়ুসেনার বিরুদ্ধে মাঠে নামে মোহনবাগান সুপার জায়েন্ট।
ম্যাচের চার মিনিটে জেসন কামিন্সের গোলে লিড নেয় সবুজ-মেরুন। ম্যাচের ১০ মিনিটে ব্যবধান বাড়ান অ্যালড্রেড। ৩৮ মিনিটে বাগানের হয়ে তৃতীয় গোল লিস্টন কোলাসোর। প্রথম ৪৫ মিনিটে ৩-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে মোহনবাগান। বদলি হিসাবে মাঠে নেমেই গোল করেন অনিরুদ্ধ থাপা। ম্যাচের বয়স তখন ৬৫ মিনিট। এরপর ৭৬ এবং ৯১ মিনিটে বায়ুসেনার দূর্গ ভেঙে দেন কামিন্স এবং এই বার বাগানে সই করা গ্রেগ স্টুয়ার্ট।
বাগানের দায়িত্ব নিয়েই স্প্যানিশ কোচ হোসে মলিনা দাবি করেছিলেন, ডুরান্ড কাপে তাঁর দলের খেলায় খুশি হবেন সমর্থকরা। এই জয়ের ফলে ডুরান্ড কাপের নকআউটে কার্যত চলে গেল মোহনবাগান সুপার জায়েন্ট। ১৮ তারিখ টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ। বড় ব্যবধানে জিতেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামবে সবুজ-মেরুন।