বছরের শুরুতেই নতুন পুরস্কার। ফিফার বিচারে বর্ষসেরা আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সোমবার লন্ডনে এক অনুষ্ঠানে মেসির নাম ঘোষণা করা হয়েছে। বছরের সেরা কোচ পেপ গুয়ার্দিওয়ালা। সেরা মহিলা ফুটবলার স্পেনের আইতানা বোমাত্তি।
গত চার বারের মধ্যেই এই নিয়ে তৃতীয়বার ফিফার বর্ষসেরার পুরস্কার জিতলেন লিও মেসি। কাতারের মাটি থেকে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক এক বার্তায় জানিয়েছেন, বিশ্ব ফুটবল যে তাঁর উপর ভরসা করে, তার জন্য তিনি কৃতজ্ঞ।
তবে এবার ফিফার বর্ষসেরা হতে মেসিকে একটু লড়াই করতে হয়েছে। কারণ, তাঁর কঠিন প্রতিপক্ষ ছিলেন নরওয়ের স্ট্রাইকার আর্নিং হাল্যান্ড। ফ্রান্সের মতোই ফিফার এই পুরস্কার জিততে টাইব্রেকারে হাল্যান্ডকে হারিয়ে জিতেছেন মেসি।