ডুরান্ড কাপের ডার্বি বাতিল নিয়ে বিস্ফোরক তৃণমূল নেতা তথা মোহনবাগান সহ-সভাপতি কুণাল ঘোষ। তাঁর কথায়, ডার্বি বাতিলের সিদ্ধান্ত ভুল। মোহনবাগান বা ইস্টবেঙ্গলের সমর্থকরা যদি গ্যালারিতে প্রতিবাদ করার পরিকল্পনা করে থাকেন, সেটা তাঁরা করতেন। কিন্তু ডার্বি হওয়া উচিত ছিল।
শনিবার দুপুরে ডুরান্ড কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবাসরীয় ডার্বি হচ্ছে না। কারণ হিসেবে বলা হয়, রাজ্য জুড়ে একাধিক প্রতিবাদ কর্মসূচি থাকায় এই মুহূর্তে নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে। সেই কারণেই যুবভারতীতে ডার্বি করা সম্ভব হচ্ছে না।
এই নিয়ে শনিবার বিকেলে সাংবাদিকদের সামনে মুখ খোলেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'আমি মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি হিসেবে বলছি, ডার্বি ম্যাচ হওয়া উচিত ছিল। কোনও অবস্থাতেই বাতিল হতে পারে না। ন্যায় বিচার হতো, রাজনৈতিক ব্যানার থাকত। পুলিশ তৈরি ছিল।'