ডুরান্ড কাপে দুর্দান্ত জয় ইস্টবেঙ্গলের। এনিয়ে টানা দুটি ম্যাচে জয় পেল লাল হলুদ শিবির। ডাউনটাউন হিরোজ FC-র বিরুদ্ধে খেলতে কিশোর ভারতী স্টেডিয়ামে খেলতে নামে তারা। ওই ম্যাচেই ৩-১ গোলে জেতে ইস্টবেঙ্গল। প্রথম গোল করেন মাদি তালাল। এবং দ্বিতীয় ও তৃতীয় গোলটি করেন ক্রেসপো এবং জেসিন টিকেও।
আগের ম্যাচে আর্মির বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। তবে ওই ম্যাচে কোনও বিদেশিকে ছাড়াই খেলতে নেমেছিল তারা। কিন্তু ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে আলাদা স্ট্র্যাটেজি নিয়েই শুরু করেছিল লাল হলুদ শিবির।
শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গি ছিল ইস্টবেঙ্গলের। যদিও একাধিক গোলও মিস করে তারা। প্রথমে ২৩ মিনিটে ফ্রি কিক পায় লাল হলুদ শিবির। সেখান থেকে গোল করেন মদি তালাল। তবে কিছুক্ষণের মধ্যেই সেই গোলের জবাব দিয়েছে ডাউনটাউন এফ সি। মূলত লাল-হলুদের ডিফেন্স ভুল থাকার জন্যই গোল হয় তাদের।
খেলার ৩৬ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোলটি করেন সাউল ক্রেসপো। ফলে ২-১ গোলে এগিয়ে যায় লাল-হলুদ। খেলার মাঝে অনেকগুলি গোল মিস করে দুটি দলই। ইস্টবেঙ্গল আরও দুটি গোল করতে পারত বলে ক্রীড়া মহলের ধারণা। যদিও এই বিষয়টি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকেও ভাবাবে বলে মনে করছেন তাঁরা।
১৪ অগাস্ট AFC-র যোগ্যতা অর্জন ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। ফলে ডাউনটাউনের বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণাত্মকভাবেই শুরু করেছিল কোচ কুয়াদ্রাতের দল। যদিও এদিনের ম্যাচে ছিলেন না নন্দকুমার, প্রভাত লাকড়া।