জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আজই কার্যত শেষ প্রস্তুতি ম্যাচ ভারতের। আফগানদের বিরুদ্ধে বেঙ্গালুরুর এই ম্যাচ স্রেফ নিয়মরক্ষার। কারণ, ইন্দোরেই সিরিজ জিতে গিয়েছে টিম ইন্ডিয়া। তাই চিন্নাস্বামীতে দেখার কী ভাবে দলকে নিয়ে পরীক্ষা করতে পারেন কোচ রাহুল দ্রাবিড়।
আইপিএলের আগে এদিনই ঘরের মাঠে প্রথম খেলবেন বিরাট কোহলি। মোহালি এবং ইন্দোরে শূন্য রানেই আউট হয়েছিলেন অধিনায়ক। তাই এদিন হ্যাটট্রিক রোখাই চ্যালেঞ্জ হবে রোহিতের কাছে। এই ম্যাচে ব্যাটিং নিয়ে পরীক্ষা না করলেও বোলিং দফতরে হেরফের হতে পারে। প্রবল সম্ভাবনা রয়েছে কুলদীপের দলে ফেরার।
এই সিরিজে এখনও পর্যন্ত ভারতের প্রাপ্তি শিবম দুবে। যিনি হার্দিকের অনুপস্থিতি গোটা সিরিজে টের পেতে দেননি। ফলে এদিনও শিবমের থেকে রানের প্রত্যাশা থাকবে। বড় রানের প্রত্যাশা অবশ্যই থাকবে বিরাটের থেকেও। কারণ, তিনি ইন্দোরে বুঝিয়ে দিয়েছেন ক্রিকেটের ছোট ফরম্যাটে এখনও তিনি প্রাসঙ্গিক।